আন্তর্জাতিক ডেস্ক
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে আজ ১০ ফেব্রুয়ারী, সোমবার সরকারি নিরাপত্তা বাহিনীর হামলায় ৫ তুর্কি সেনা নিহত এবং অপর ৫ জন আহত হওয়ার জবাবে সিরিয়ার ইদলিব থেকেই তুরস্ক পাল্টা হামলা চালাচ্ছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, তারা সিরীয় বাহিনীর ১১৫টি অবস্থানে পাল্টা হামলা চালিয়ে ১০০ সিরীয় সেনা হত্যা করেছে। এবং সিরিয়ার একটি হেলিকপ্টার, ৩ ট্যাংক এবং ২ কামান ধংস করা হয়েছে। খবর, ডেইলি সাবাহ
সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত একমাত্র প্রদেশ ইদলিবের পূর্বাঞ্চলে তাফতানজ বিমানবন্দরে তুরস্কের অবজারভেশন পয়েন্টে সিরিয়ার সরকারী বাহিনীর কামানের আঘাতে এই হতাহতের ঘটনা ঘটে।
এছাড়া গত সপ্তাহেও ইদলিবে সিরিয়ার সরকারী বাহিনীর হামলায় ৭ জন তুর্কি সেনা প্রাণ হারিয়েছিল। সেই ঘটনার প্রতিশোধ নিতে তুরস্ক সিরিয়ার ৫০ টি স্থানে আঘাত হেনে ৭৬ সিরীয় সেনা হত্যা করেছে বলে জানিয়েছে।
উল্লেখ্য, এ রিপোর্ট লেখা পর্যন্ত তুরস্কের পাল্টা হামলা অব্যাহত রয়েছে।
