
ফাতেহ ডেস্ক
রোহিঙ্গাদের ভাসানচরে নেয়ায় এবার বাড়তি গুরুত্ব দিচ্ছে সরকার। অবৈধ অভিবাসন চেষ্টা ঠেকানোর পাশাপাশি তাদের নিরাপত্তার স্বার্থেই এ উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। প্রকল্পের অগ্রগতি দেখতে শুক্রবার পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সেখানে যাচ্ছে একটি প্রতিনিধি দল।
গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
রোহিঙ্গা সমস্যা দীর্ঘায়িত হওয়া বাড়ছে মানবপাচারও। একই সঙ্গে আশ্রয়শিবিরে বাড়ছে মাদকপাচারসহ নানা অপরাধ। প্রত্যাবাসনে দেরি হওয়ার মূল ভূখণ্ডের নিরাপত্তার কথা সরকার আগে বললেও ট্রলারডুবিতে ১৫ রোহিঙ্গার মৃত্যুর ঘটনায় বেড়েছে উদ্বেগ।
এসব ঘটনায় রোহিঙ্গা স্থানান্তর নিয়ে এবার জোর দিয়ে ভাবছে মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানাচ্ছে, এক লাখ রোহিঙ্গা রাখার জন্য প্রস্তুত আছে ভাসানচর।
রোহিঙ্গাদের কাছে বাড়তি টাকা থাকায় তারা দালালদের হাতে পড়ছে জানিয়ে, এ বিষয়ে সরকার বাড়তি নজর দিতে চাইছে বলেও জানান মাসুদ বিন মোমেন। আশ্রয় শিবিরে অপরাধ প্রবণতা বাড়ায় বাড়তি নজরদারি জরুরি বলেও মত তার।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, আশ্রয় শিবিরে কোন জঙ্গি সংগঠনের উপস্থিতির তথ্য পররাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে নেই। এ ধরনের প্রতিবেদন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কিসের ভিত্তিতে তৈরি করেছে সে প্রশ্নও তুলেছেন পররাষ্ট্রসচিব।
-এও
