ফাতেহ ডেস্ক :
ধানের সুদে ঋণ এনে তা পরিশোধ করতে না পেরে হেলাল উদ্দিন খন্দকার (৬০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোরে রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হেলাল উদ্দিন ওই গ্রামের মৃত কোহেল উদ্দিন খন্দকারের ছেলে।
নিহতের মেয়ে ফিরোজা বেগম বলেন, আমার বাবা স্থানীয় বিলকিস বেগম নামে এক নারীর কাছ থেকে দুই বছর আগে ধানের লাভের উপরে ৬০ হাজার টাকা নেন। লাভ হিসাবে এর মধ্যে দুইবার আমার বাবা বিলকিস বেগমকে ৪ মণ ধান দেন। গত কয়েকদিন ধরে বিলকিস বেগম আমার বাবার কাছে তার আসল ৬০ হাজার টাকা ফেরত চাচ্ছিলেন। এই টাকা দিতে না পেরে আমার বাবা বৃহস্পতিবার ভোরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
কালুখালী থানার ওসি কামরুল হাসান জানান, ঋণের বোঝা মাথায় নিয়ে বৃদ্ধ মানুষটি আত্মহত্যা করেছেন যা অত্যন্ত দুঃখজনক। লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
