
ফাতেহ ডেস্ক
বর্তমান সরকারের মাধ্যমে কোনো সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগও দাবি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এসময়ে তিনি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) হলো ডিজিটাল বাটপার মেশিন।
গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, রোবট ম্যান নির্বাচন কমিশনারের পদত্যাগ এখন সময়ের দাবি। সামনে ইউপি নির্বাচনের আগেই নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে অথবা সিইসিকে পদত্যাগ করতে হবে। অন্যথায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ইউনিয়ন দায়িত্বশীলরা ইউপি নির্বাচনে সরকারি পূর্ব নির্ধারিত এজেন্ডা প্রতিহত করতে বাধ্য হবে।
তিনি বলেন, আজ দীন প্রতিষ্ঠিত না থাকায় সর্বত্র অশান্তি বিরাজ করছে। সন্ত্রাস, দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে। তাই দ্বীন প্রতিষ্ঠায় ইউনিয়ন প্রতিনিধিদের ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আগামী ইউপি নির্বাচনে বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে ভোট ডাকাতদের প্রতিহত করার আহবান জানান তিনি।
আলহাজ সৈয়দ আলী মোস্তাফার সভাপতিত্বে এবং সেক্রেটারি আলহাজ্ব শাহাদাত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এম হাছিবুল ইসলাম।
-এও
