দু’একদিনের মধ্যে খালেদার জামিন আবেদন করবেন আইনজীবীরা

ফাতেহ ডেস্ক

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আবারো হাইকোর্টে জামিন আবেদন করবেন খালেদা জিয়া।

দু’একদিনের মধ্যে আবারো জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে জামিন আবেদন করবেন খালেদা জিয়া। আর দুদকের আইনজীবী বলছেন, তারা আইনি লড়াই চালিয়ে যাবেন।

দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের দণ্ড মাথায় নিয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তাঁকে মুক্ত করতে একের পর এক জামিন আবেদন করে যাচ্ছেন আইনজীবীরা। বিচারিক আদালত থেকে সাত বছরের দণ্ড পাওয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সবশেষ ১২ই ডিসেম্বর খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই আদেশে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বলেছে আপিল বিভাগ।

খালেদা জিয়ার অন্যতম আইনজীবী জয়নুল আবেদিন জানান, দু একদিনের মধ্যে আবারো খালেদা জিয়ার জামিন আবেদন করবেন।

বিএনপি চেয়ারপার্সনের আইনজীবী আরও বলেন, ‘খালেদা জিয়ার জন্য আমরা বার বার আদালতে যেতে পারি। এর চেয়ে বেশি কিছু আমরা করতে পারিনা। খালেদা জিয়ার জামিনের জন্য আমরা আবার আদালতে আবেদন নিয়ে যাব।’ তবে, এবার যদি সরকারের কাছে জামিনের আবেদন নিয়ে যাই, তাহলে সরকারের পক্ষ থেকে যেন কোনো নেতিবাচক পদক্ষেপ গ্রহণ না করা হয় সে কথাও বলেন জয়নুল আবেদিন।

অন্যদিকে, দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ‘আইনি লড়াইয়ে ছাড় দেয়ার সুযোগ নেই।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘প্যারোলের জন্য যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে খালেদা জিয়াকে। কেউ যদি প্যারোলে যেতে চায় তাহলে সরকারের কাছে আবেদন করতে হবে। কেউ যদি তার সাজার জন্য ক্ষমা চায় বা সাজা কমাতে চায় তার জন্যও আবেদন করতে হবে।’

সরকারের কাছে আবেদন না করে মাঠে বক্তৃতা করে সমস্যার সমাধান হবে না বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত বছরের এপ্রিল মাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তার ৩৭টি মামলার মধ্যে ৩৫টিতে জামিন হয়েছে, দণ্ড পাওয়া দু’টি মামলায় শুধু জামিন পাননি খালেদা জিয়া।

-এ

আগের সংবাদপ্রথম বারের মতো ইসরাইলী বিমান সুদানের আকাশসীমা অতিক্রম করল
পরবর্তি সংবাদঘুষের মামলা থেকে অব্যাহতি পেলেন এসকে সিনহা