আন্তর্জাতিক ডেস্কঃ
জাপান উপকূলে পৃথক করে রাখা প্রমোদতরীতে করোনা ভাইরাসে ৩ ইসরাইলী ব্যক্তি আক্রান্ত হয়েছে। যারা চলতি মাসের তিন তারিখ থেকে বিশেষ চিকিৎসা তত্তাবধানে আছেন।
লন্ডন ভিত্তিক নিউজ এজেন্সি আল আরাবি21 তাদের ১৬ ফেব্রুয়ারীর প্রতিবেদনে জানায়, জাপানি সরকার ইসরাইলী স্বাস্থ্য মন্ত্রনালয়কে প্রমোদতরীতে থাকা ১৫ জন ইসরাইলীর মধ্যে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু এক টুইটে বলেন, জাপানের প্রমোদ তরী আক্রান্তদের ব্যাপারে আমরা কাজ করছি। অবশিষ্ট সুস্থ ইসরাইলী নাগরিকদের দেশে ফিরিয়ে এনে বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে।
উল্লেখ্য, জাপান উপকূলে পৃথক করে রাখা বিশাল এই প্রমোদতরীটির নাম ডায়মন্ড প্রিন্সেস। এতে অন্তত ৩ হাজার ৭০০ আরোহী আছেন। করোনা আতঙ্কে গত দুই সপ্তাহ ধরে জাপানের ওকোহামায় প্রমোদতরীটি পৃথক রাখা হয়েছে।
প্রমোদতরীতে থাকা হংকংয়ের এক ব্যক্তি গত মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হন। তিনি জাহাজে উঠেন ২০ জানুয়ারি। এরপর ২৫ জানুয়ারি তাকে হংকংয়ে নামিয়ে দেওয়া হয়। মূলত তখন থেকেই প্রমোদতরীতে থাকা আরোহীদের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
এর আগে এক প্রতিবেদনে বলা হয়, এক আরোহীর শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলায় ৩ ফেব্রুয়ারি (সোমবার) থেকে একটি প্রমোদতরীকে জাপানের ওকোহামা বন্দরে বিচ্ছিন্ন করে রাখা হয়। এতে প্রায় আড়াই হাজার যাত্রী এবং এক হাজারের অধিক ক্রু রয়েছেন। তাদের সবার স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে কাজ শুরু করেছেন জাপানি চিকিৎসকরা।
