খালেদার জামিন আবেদনের শুনানি রোববার

ফাতেহ ডেস্ক

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাইকোর্টে আবারো করা জামিন আবেদন আদালতে উপস্থাপন করা হয়েছে। বুধবার সকালে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি জহিরুল হকের বেঞ্চে আবেদনটি উপস্থাপন করা হয়।

পরে আদালত শুনানির জন্য রোববার দিন ধার্য করেন। এর‌ আগে মঙ্গলবার বিকালে হাইকোর্টে জামিন আবেদন করেন খালেদা জিয়া। পরে তার আইনজীবী জয়নুল আবেদীন জানান, জামিন পেলে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাবেন বিএনপি চেয়ারপারসন।

তবে দুদক আইনজীবী বলেন, একবার খারিজ হওয়ার পর আবার আবেদনে জামিন পাওয়ার নজির নেই। জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় ২০১৮ সালে খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। আপিল করে জামিন চাইলে আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। খালেদা জিয়ার সম্মতিতে উন্নত চিকিৎসা দিতে মেডিকেল বোর্ডকে নির্দেশ দেয় আপিল বিভাগ।

বর্তমানে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রাখা হয়েছে। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছর কারাদণ্ডের পর থেকে দুই বছরের বেশি সময় ধরে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার বিরুদ্ধে মামলার সংখ্যা ৩৬।

-এ

আগের সংবাদবাহরাইনে রাজনৈতিক অভিযোগে ১১ বছরের কিশোর গ্রেপ্তার
পরবর্তি সংবাদচার স্তরে নিরাপত্তা থাকবে শহীদ মিনারে