
ফাতেহ ডেস্ক
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা এবং নিরাপত্তার বিষয় নিয়ে দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দুই দেশের রাষ্ট্র প্রধান। মঙ্গলবার হায়দরাবাদ হাউসে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, শক্তিক্ষেত্রে কৌশলগত অংশিদারিত্ব, তথ্যপ্রযুক্তি এবং দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের মতো সকল বিষয় নিয়েই আমাদের মধ্যে আলোচনা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই সফর দুই দেশের কাছেই অত্যন্ত ফলপ্রসূ ও গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে অ্যাপাশে ও এমএইচ-৬০ হেলিকপ্টার কেনা ও বেচার চুক্তি হয়েছে। এই হেলিকপ্টারগুলি বিশ্বের মধ্যে উন্নতম। আর সন্ত্রাসবাদ রুখতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমার কথা হয়েছে। একই সঙ্গে সন্ত্রাস দমনে পাকিস্তানের সঙ্গেও নিরন্তর আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।
বৈঠকের পূর্বে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট যেমন ভারতের অভ্যর্থনায় আবেগাপ্লুত ঠিক তেমনই মোদীও তাকে ভারত সফরের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, গত দুই দিন বিশেষ করে আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে যে ভাবে আমাকে আপনারা স্বাগত জানিয়েছেন সেটা আমার কাছে বিরাট সম্মানের। আর ওখানে হয়তো আমার চেয়ে আপনার জন্যই বেশি লোক ছিল। সোয়া লক্ষ মানুষ স্টেডিয়ামের ভিতরে ছিলেন। যতবারই আমি আপনার নাম করেছি তারা উল্লাসে ফেটে পড়েছেন। দেশের মানুষ আপনাকে খুব ভালবাসে।
আর পাল্টা কৃতজ্ঞতা প্রকাশ করে নরেন্দ্র মোদী বলেন, আপনাকে এবং আপনার সঙ্গে আসা মার্কিন প্রতিনিধিদের আমি স্বাগত জানাই। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া চলছে। সরাসরি ভোটের কথা উল্লেখ না করেও মোদী বলেন, আমি জানি আপনি এখন খুব ব্যস্ত। তবুও আপনি সময় বের করে ভারত সফরে এসেছেন। তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ।
-এ
