
আন্তর্জাতিক ডেস্ক:
মুসলিম-বিদ্বেষী নাগরিকত্ব আইনের বিরোধিতার কারণে মুসলিমদের ওপর যে নিপীড়ন ও জ্বালাও-পোড়াও চলছে ভারতের রাজধানী দিল্লিতে, তার দায় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।
বুধবার দিল্লিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। খবর এনডিটিভির।
সোনিয়া বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোথায়? গত একসপ্তাহ ধরে তিনি কী করছেন? চলতি সপ্তাহেই বা তিনি কোথায় ছিলেন? স্বরাষ্ট্রমন্ত্রী যখন দেখলেন পরিস্থিতি হাতের বাইরে, তখন আধা-সামরিক বাহিনী কেন ডাকলেন না?
মুসলিম নিপীড়নের এ হিন্দুত্ববাদী আক্রমণে নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। কিছুতেই যেন থামছে না মৃত্যুর মিছিল।
স্বাভাবিকভাবেই দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় উপর দিল্লির আইনশৃঙ্খলার ভার। আর সেই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন বিজেপির সদ্য সাবেক সভাপতি অমিত শাহ।
সংঘর্ষ এত বড় আকার নেয়ার জন্য অমিতকে নিশানা করে সোনিয়া এ দিন বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীসহ গোটা কেন্দ্রীয় সরকারই এর জন্য দায়ী। অমিত শাহের ইস্তফা দিন, কংগ্রেস এই দাবি করছে।’
এদিকে মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভে বেছে বেছে মুসলিমদের ওপর হামলা চালানো হচ্ছে।
মঙ্গলবার সহিংসতার তৃতীয় রাতেও বেশীরভাগ ঘটনায় মুসলিমদের বাড়িঘর ও দোকানপাটে হামলা হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
রোববার রাত থেকে শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত ২৩ জন নিহত হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এছাড়া আহত হয়েছেন অসংখ্য নাগরিক।
