
ফাতেহ ডেস্ক
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ না জানানো অকৃতজ্ঞতা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের প্রধান সাহায্যকারী ও সবচেয়ে বড় মিত্র দেশ ভারত। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্বকারীকে বাদ দিতে পারি না। বাদ দেয়ার কথা চিন্তাও করা যায় না।
মোদির আমন্ত্রণ বাতিলের দাবি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভারতের এই পরিস্থিতির অনেক আগেই নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণের সঙ্গে দেশটির অভ্যন্তরীণ সংঘাত, রাজনৈতিক বিরোধ প্রসঙ্গ টেনে আনা সমীচিন নয় বলেও জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, আমরা ভারতকে মুজিববর্ষে আমন্ত্রণ করেছি। এর প্রথম ও প্রধান কারণই হচ্ছে মুক্তিযুদ্ধে তারা আমাদের সবচেয়ে বেশি সাহায্য করেছে। তারাই আমাদের প্রতিবেশী ও মিত্র দেশ। তাদের দেশের অভ্যন্তরের কোনো বিষয়ে যে সংঘাত, সংঘর্ষ, রাজনৈতিক বিরোধ- এটা চিন্তা করে তো আমরা তাদের আমন্ত্রণ জানাইনি।
-এ
