অনেকে সন্ত্রাসীদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে: বাশার আসাদ

ফাতেহ ডেস্ক

সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অপতৎপরতা মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের জন্য হুমকি। কিন্তু অনেকে স্বার্থ হাসিলের জন্য সন্ত্রাসীদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

গতকাল সোমবার রাজধানী দামেস্কে সিরিয়া সফররত লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী আব্দুর রহমান আল-আহিরেশের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

বাশার আসাদ বলেন, ‘সিরিয়া ও লিবিয়া সন্ত্রাস বিরোধী যে যুদ্ধ করছে তা মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ভাগ্য নির্ধারণে প্রভাব ফেলবে।’

এর আগের দিন লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী আল-আহিরেশ সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেমের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে দু’দেশের অভিন্ন শত্রু মোকাবিলায় পরস্পরকে সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করা হয়। বিশেষ করে তুরস্ক দু’টি দেশেরই সীমান্ত লঙ্ঘন করে সিরিয়া ও লিবিয়ায় যে সেনা মোতায়েন করেছে তার বিরোধিতা করেন দুই মন্ত্রী।

সিরিয়ার সেনাবাহিনী গত প্রায় দুই মাস ধরে সেদেশের ইদলিব প্রদেশ থেকে সন্ত্রাসীদের উৎখাতের লক্ষ্যে ব্যাপক অভিযান চালাচ্ছে। কিন্তু অভিযানের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছে তুরস্ক।

-এ

আগের সংবাদআল-হাইআতুল উলয়া পরীক্ষার খাতা দেখতে ৯টি কেন্দ্র নির্ধারণ
পরবর্তি সংবাদহাজার কোটি টাকা দেওয়ার দশ দিন পরেও নিষেধাজ্ঞাতেই আছে জিপি