
ফাতেহ ডেস্ক
করোনাভাইরাস এখন আর চীনের একার সমস্যা নয়। বেশ কিছুদিন ধরেই তা হয়ে দাঁড়িয়েছে বৈশ্বিক। প্রতিদিনই নতুন নতুন দেশ যুক্ত হচ্ছে করোনা আক্রান্তের তালিকায়।
চীনের বাইরে ৭৭টি দেশে ছড়িয়েছে করোনাভাইরাস। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯৩ হাজার। চীনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৯৮১ জন। আর চীনের বাইরে মৃত্যু হয়েছে ২২২ জনের।
যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জন। ইতালিতে এখন পর্যন্ত মারা গেছেন ৭৯ জন। মঙ্গলবার একদিনেই দেশটিতে মারা যায় ২৭ জন। এদিকে ইরানে দুই সপ্তাহেরও কম সময়ে মৃত্যু হয়েছে ৭৯ জনের। আক্রান্তের মধ্যে রয়েছেন ২৩ সংসদ সদস্য। সংক্রমণ ঠেকাতে ৫৪ হাজারের বেশি বন্দিকে সাময়িক মুক্তি দিয়েছে দেশটি।
দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা ও চিলিতে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দক্ষিণ কোরিয়ায় মৃতের সংখ্যা ৩৩, আক্রান্ত পাঁচ হাজারের বেশি মানুষ। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনাভাইরাস ফ্লু এর চেয়েও মারাত্বক, তবে তা দমন করা সম্ভব। একই সঙ্গে নোংরা টাকা থেকে ভাইরাসটি ছড়াতে পারে বলে শঙ্কা জানিয়েছে সংস্থাটি।
ভারতেও দ্রুত ছড়াচ্ছে করোনা। ভারতে একদিনে ১৬ জনের শরীরে মিললো প্রাণঘাতী করোনা। এক মাস আগে দেশটিতে আসা ১৫ ইতালিয় পর্যটকের শরীরে বুধবার মেলে করোনার উপস্থিতি। তাদের গাইড হিসেবে কাজ করা এক ভারতীয়ও আক্রান্ত প্রাণঘাতী ভাইরাসে। আর দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২৮।
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বাংলাদেশসহ দশ দেশের নাগরিকদের কুয়েত প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে দেশটির সরকার। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, এই দশ দেশের নাগরিকরা কুয়েত দূতাবাসের ছাড়পত্রে দেখাতে পারলে, তাদের প্রবেশের অনুমতি দেয়া হবে। এই সিদ্ধান্ত আগামী ৮ই মার্চ থেকে কার্যকর হবে। বাংলাদেশ ছাড়াও রয়েছে ফিলিপাইন, ভারত, শ্রীলঙ্কা, মিশর, সিরিয়া, আজারবাইজান, তুরস্ক, জর্জিয়া ও লেবানন।
এ অবস্থায় করোনা মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোতে ১২ বিলিয়ন ডলার সহায়তা দেয়ার ঘোষনা দিয়েছে বিশ্বব্যাংক। এ তালিকায় দরিদ্র ও অতি ঝুঁকির মধ্যে থাকা দেশগুলোকে প্রাধান্য দেয়া হবে। এই অর্থ দেশগুলোর জনস্বাস্থ্য উন্নয়নে ও আর্থিক ক্ষতি মোকাবেলায় ব্যবহার করা হবে।
-এ
