
ফাতেহ ডেস্ক
জুয়া খেলার সরঞ্জাম জব্দ ও ক্লাবগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন দেশের সুপ্রিম কোর্ট। তবে জুয়া খেলা অবৈধ ঘোষণার রায় বহাল থাকবে বলে জানানো হয়েছে।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজধানীর অভিজাত দুটি ক্লাব ঢাকা ক্লাব ও উত্তরা ক্লাবের আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার (৫ মার্চ) এ আদেশ দেন। এর ফলে রাজধানীর অভিজাত ক্লাবগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী প্রবেশ, অভিযান ও কোনো সরঞ্জাম জব্দ করতে পারবে না।
এর আগে ১০ ফেব্রুয়ারি দেশের অভিজাত ১৩টি ক্লাবসহ সারা দেশে জুয়া খেলা বন্ধের নির্দেশ দিয়ে রায় দেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
ক্লাবগুলোর মধ্যে রয়েছে- ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, বনানী ক্লাব, অফিসার্স ক্লাব ঢাকা, ঢাকা লেডিস ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব গুলশান, চিটাগাং ক্লাব, চিটাগাং সিনিয়ার্স ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব ও খুলনা ক্লাব। পরে ওই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন জানানো হয়।
একদিকে জুয়া খেলাকে অবৈধ ঘোষণা অন্যদিকে জুয়া ও জুয়াড়িদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেয়া যাবে না- সর্বোচ্চ আদালতের এমন আদেশের পর জুয়া খেলা যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশার তৈরি হয়েছে। বিষয়টি জানতে চাইলে সরাসরি কোনো উত্তর দেননি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, বিষয়টি এখন বিচারাধীন।
তবে তিনি বলেছেন, এ আদেশের ফলে ক্লাবগুলোতে জুয়ার বিরুদ্ধে পুলিশ হানা দিতে পারবে না। যদিও শুনানিতে জুয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আদেশ বহাল রাখার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা আক্ষেপ করে বলেন, জাতির পিতা জুয়া খেলা বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন, এরপরও দেশে যদি জুয়া চলে, এর চেয়ে দুঃখজনক আর কিছু হবে না।
অ্যাটর্নি জেনারেল বলেন, মুজিব বর্ষে দেশে কোনোভাবে জুয়া থাকুক তা তিনি চান না। কিন্তু সর্বোচ্চ আদালতের বৃহস্পতিবারের এ আদেশে জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে প্রশ্ন রাখছেন, এ আদেশে ফলে জুয়াড়িদের জুয়া খেলার লাইসেন্স দেয়া হলো কিনা?
যদিও আইনজীবীরা বলছেন, জুয়া খেলা অবৈধ আপিল বিভাগও জানিয়েছেন। তবে জুয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে অপেক্ষা করতে হবে চূড়ান্ত আপিল নিষ্পত্তি পর্যন্ত।
-এ
