আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত ২৭

ফাতেহ ডেস্ক

আফগানিস্তানের কাবুলে এক স্মরণসভায় বন্দুকধারীদের হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। তবে প্রাণে বেঁচে গেছেন শীর্ষস্থানীয় রাজনীতিক আব্দুল্লাহ আব্দুল্লাহ। এক বিবৃতিতে এই হামলার দায় অস্বীকার করেছে তালেবান। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তির পর এটিই বড় হামলা।

আফগানিস্তানের রাজধানী কাবুলে হাজারা নেতা আব্দুল আলি মাজারির ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার স্মরণসভায় বক্তব্য রাখছিলেন বিরোধীদলীয় নেতা আব্দুল্লাহ আব্দুল্লাহ। হঠাৎ গুলির শব্দে কেঁপে ওঠে চারপাশ। শুরু হয় ছোটাছুটি।

তবে অক্ষত আছেন বিগত প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা আব্দুল্লাহসহ বেশ কজন রাজনীতিক। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এই হামলাকে মানবতা ও আফগানিস্তানের জাতীয় ঐক্যের বিরুদ্ধে অপরাধ আখ্যা দিয়ে টুইট করেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি। দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহর সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি।

১৯৯৫ সালে হাজারা নেতা আব্দুল আলি মাজারি তালেবানের হাতে বন্দি হয়ে নিহত হন। গত বছরও তার স্মরণসভায় একই ধরণের হামলায় নিহত হয়েছিলেন বেশ কয়েকজন।

-এ

আগের সংবাদকরোনাভাইরাস: ইতালিতে ২৪ ঘণ্টায় ৪৯ জনের মৃত্যু
পরবর্তি সংবাদবঙ্গবন্ধু ভবিষ্যত বলে দিতে পারতেন: প্রধানমন্ত্রী