
ফাতেহ ডেস্ক
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বঙ্গবন্ধু ভবিষ্যত বলে দিতে পারতেন। কিন্তু জনসম্মুখে বলতেন না। ৭ মার্চের ভাষণের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন আমার মা। মা বলেছিলেন, এ দেশের মানুষের মন তুমি বোঝ। তোমার মনে যা আসবে তুমি তাই বলবে।’
শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘জিয়া-এরশাদ-খালেদা সবাই ৭ মার্চের ভাষণ বাজানোর জন্য বাধা দিয়েছে। তারা বাংলাদেশে নিষিদ্ধ করেছিল আর ইউনেস্কো সেটাকে সেরা ভাষণ হিসেবে গ্রহণ করেছে। তারা যখন ক্ষমতায় ছিল বারবার ইতিহাস বিকৃতি করেছে। স্বাধীনতার ঘোষক যাকে সাজানো হয়েছে, সে সরকারের চারশ টাকা বেতনের কর্মচারী ছিল। কোথাকার কোন মেজর এসে বাঁশিতে ফু দিল আর বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, এটা কি কখনও সম্ভব?’
তিনি বলেন, ‘এই বাংলার মাটিতে কোনো মানুষ গৃহহীন থাকবে না। মুজিববর্ষে সকল গৃহহীন মানুষকে আমরা ঘর করে দেব।’
প্রধানমন্ত্রী বলেন, “জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৬ মার্চ ২০২১ সময়কে ‘মুজিববর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করছি। তিনি যে সোনার বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, বাঙালি জাতির জন্য যে উন্নত জীবনের কথা ভেবেছিলেন, তার সেই স্বপ্নকে আজ আমরা বাস্তবে রূপ দিচ্ছি।”
-এ
