
ফাতেহ ডেস্ক
ক্যাসিনোকাণ্ড ও টেন্ডারবাজির ঘটনায় গ্রেপ্তার বহিষ্কৃত যুবলীগ নেতা জি কে শামীমকে অগোচরে হাইকোর্টের দেয়া ৬ মাসের জামিন প্রত্যাহার চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সেইসঙ্গে তার জামিন সংক্রান্ত নথিপত্র তলব করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান (এফ আর খান)। তবে আবেদনের ওপর কখন শুনানি হবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাম্প্রতিক অভিযানে দেশব্যাপী আলোচিত অন্যতম নাম ঠিকাদার জি কে শামীম। অস্ত্র মামলায় অত্যন্ত গোপনীয়তায় গত ৬ ফেব্রুয়ারি তাকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট। ১২ ফেব্রুয়ারি প্রকাশ পায় জামিনের লিখিত আদেশ। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ পরিবেশিত হলে সারা দেশে বিতর্কের ঝড় শুরু হয়।
এদিকে, গত ৬ ফেব্রুয়ারি ছয় মাসের জামিন পাওয়া জি কে শামীমের আরেক মামলা আদেশের জন্য হাইকোর্টের একটি বেঞ্চে আজ দিনের সম্পূরক কার্যতালিকায় রয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে শামীমের কার্যালয়ে অভিযান চালিয়ে র্যাব তাকে গ্রেপ্তার করে। ওই সময় বিপুল পরিমাণ মাদক এবং নগদ ১ কোটি ৮০ লাখ টাকা, ১৬৫ কোটি টাকার স্থায়ী আমানতের (এফডিআর) কাগজপত্র, একটি আগ্নেয়াস্ত্র, দেহরক্ষীদের সাতটি শটগান-গুলি এবং কয়েক বোতল বিদেশি মদ জব্দ করার হয়। গত বছরের ওই অভিযানে জি কে শামীমের সাত দেহরক্ষীকেও গ্রেপ্তার করা হয়।
-এ
