
ফাতেহ ডেস্ক
বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিভিন্ন দেশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই আহ্বানে সাড়া দিলেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। করোনার সুরক্ষায় আন্তর্জাতিকভাবে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি এক কোটি মার্কিন ডলার অনুদান দিয়েছেন।
এক বার্তায় দেশটির রাজকীয় অধিদফতরের উপদেষ্টা এবং বাদশাহর মানবিক সহায়তা ও ত্রাণকেন্দ্রের প্রধান পৃষ্ঠপোষক ড. আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আর-রাবীয়া বলেন, মানব সেবায় সৌদি আরবের যে অবদান, এটা তারই আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত। মানব সমাজে সৃষ্ট সমস্যার সমাধান কল্পে দেশটির সামর্থ্য ও অর্থ কাজে লাগানোর ধারাবাহিকতা এর মাধ্যমে প্রতিফলিত হলো। মানব সেবায় জাতিসংঘসহ যে কোনো সংস্থার সহযোগী হয়ে কাজ করতে আমরা বদ্ধপরিকর।
উল্লেখ্য, সৌদি আরবে এখন পর্যন্ত ১১ করোনা আক্রান্ত রোগীর খবর পাওয়া গেছে। দেশটির পূর্ব কাতিফ রাজ্য সম্পূর্ণভাবে কোয়ারেন্টাইন করে রাখার ঘোষণা দেওয়া হয়েছে ইতোমধ্যে এবং প্রাদুর্ভাব ঠেকাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান ৯ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।
-এ
