
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও তালিবানদের সমঝোতা চুক্তির বিষয়ে বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক বৈঠকের ডাক দিয়েছে যুক্তরাষ্ট্র।
কূটনৈতিক সূত্রের বরাতে আলজাজিরা জানায়, ২৯ ফেব্রুয়ারী তালিবান ও আমেরিকার ভেতর সম্পাদিত দোহাচুক্তিকে আরো জোরদার করতে যুক্তরাষ্ট্র এই বৈঠক ডেকেছে।
কূটনৈতিক সূত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, বৈঠকে জাতিসংঘের কালো তালিকা থেকে তালিবানদের নাম প্রত্যাহারের বিষয়টিই সবচে গুরুত্বের সাথে দেখা হবে। তবে ভেটো ক্ষমতার অধিকারী রাশিয়ার অবস্থান কী হবে তা বোঝা যাচ্ছে না। কারণ, সিরিয়াতে যুদ্ধবিরতি বিষয়ে রাশিয়ার প্রস্তাবে আমেরিকা ভেটো দেয়ার পর গত শুক্রবার মস্কো ইঙ্গিত দিয়েছিল, তারা হয়তো এ বিষয়ে বিরোধিতা করবে।
উল্লেখ্য, জাতিসংঘের কালো তালিকা থেকে মুক্তি পেলে তালেবান রাজনৈতিক শক্তি হিসেবে দেশে বিদেশে সকল জায়গায় যেতে পারবে। বর্তমানে কালো তালিকাভুক্ত হওয়ার কারণে কোন দেশ তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখতে ও অর্থ সাহায্য দিতে পারে না। এবং বিশ্বের যেকোন স্থানে তাদের সম্পদ বাজেয়াপ্ত হবার পাশাপাশি তাদেরকে কোন এয়ারলাইন্সে বহন করতে পারে না।
দোহাচুক্তি অনুসারে আমেরিকা তাদের সেনা সরিয়ে নিবে এবং তালিবান আফগান মাটিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে ব্যবহার করতে দিবে না। চুক্তি অনুসারে আমেরিকা তালেবানকে জাতিসংঘের কালোতালিকা থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করবে।
