পাসপোর্ট না পাওয়ায় উদ্বিগ্ন হজ গমনেচ্ছুরা

ফাতেহ ডেস্ক

সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ এক বিজ্ঞপ্তিতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ গমনেচ্ছুদের ১ মার্চ হতে ১৫ মার্চের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, হজের চূড়ান্ত নিবন্ধনের সময় মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) থাকতে হবে।

নিবন্ধনের নির্ধারিত এই সময়ের মধ্যে পাসপোর্ট না পেলে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন না হজ গমনেচ্ছুরা। এদিকে চার থেকে পাঁচ মাস আগে পাসপোর্টের আবেদন করে এখনও পাসপোর্ট হাতে না পাওয়ায় হজের চূড়ান্ত নিবন্ধন নিয়ে শঙ্কা আর চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন অসংখ্য প্রাক-নিবন্ধনকারী।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের হজসেবা কেন্দ্রে দেখা মেলে কয়েকজন হজযাত্রীর। কথা হয় ময়মনসিংহ নগরের বাসিন্দা আরিফা সুলতানার সঙ্গে। তিনি ও তার স্বামী গিয়াস উদ্দিন পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন সেই অক্টোবর মাসে। এরপর এখানে এসেছেন চার থেকে পাঁচবার। কিন্তু এখনও হাতে পাননি কাঙ্খিত পাসপোর্ট।

আরিফা সুলতানা বলেন, নিয়ম অনুযায়ী সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে ২১ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট সরবরাহ করার কথা থাকলেও অজ্ঞাত কারণে দীর্ঘ সময় পেরিয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত আমরা পাসপোর্ট হাতে পেলাম না। এখন আমাদের বলা হয়েছে, পাসপোর্ট প্রিন্টিংয়ে আছে, ঢাকায় গিয়ে আনতে।

তার মতো একই অবস্থা ময়মনসিংহ সদরের মো. ইউনুস, নান্দাইল উপজেলার ফিরোজ মিয়া ও আব্দুল আজিজসহ অসংখ্য হজযাত্রীর। ফিরোজ মিয়া বলেন, আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আমাকে বলা হয়েছিল ঢাকা থেকে আনতে হবে আমার পাসপোর্ট।

এরপর আমি ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে গিয়েও দিনভর অপেক্ষা করে ফিরে আসতে হয়েছে। এদিকে সময় শেষ হতে চলল, কিভাবে নিবন্ধন করবো সেটা নিয়ে বড়ই দুশ্চিন্তায় আছি। ১৫ তারিখের মধ্যে যদি পাসপোর্ট হাতে না পাই তাহলে তো আর হজে যাওয়াই হবে না।

-এ

আগের সংবাদনতুন আরও ৮ জনকে নেয়া হয়েছে আইসোলেশনে
পরবর্তি সংবাদকরোনাভাইরাস: শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মাউশির বিশেষ নির্দেশনা