
ফাতেহ ডেস্ক
ইতালিতে এক বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়েছে করোনাভাইরাসের আক্রমণে। মৃত্যুর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। শেষ ২৪ ঘন্টায় সেখানে মৃত্যুবরণ করেছেন ২৫০ জন, এখন পর্যন্ত করোনার আক্রমণে একদিনে যা সর্বোচ্চ। এর আগে একদিনে চীনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছিল ২৪৪ জনের।
শেষ ২৪ ঘন্টার এই রেকর্ড মৃত্যুতে ইতালিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৬৬ জনে। সেই সঙ্গে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৭ হাজার। এছাড়া চিকিৎসা শেষে ১৪৩৯ জন আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
করোনাভাইরাসের এই প্রকোপ ঠেকাতে দিশেহারা ইতালি সরকার। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দেশটির প্রধানমন্ত্রী দিনকয়েক আগে পুরো দেশকেই রেডজোনের আওতাভুক্ত ঘোষণা করেন। ওই ঘোষণার পর কার্যত গৃহবন্দী হয়ে গেছেন দেশটির ৬ কোটি মানুষ।
ইতালিতে প্রকোপ বাড়লেও করোনাভাইরাসের উৎস দেশ চীন আস্তে আস্তে স্বাভাবিকের দিকে ফিরছে। গতকাল চীনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ জন। মারা গেছেন আরও ১৩ জন।
সবমিলিয়ে করোনাভাইরাসে এখন পর্যন্ত সারা পৃথিবীতে মৃত্যুবরণ করেছেন ৫১২০ জন। আক্রান্ত হয়েছেন ১৩৯৬৩৭ জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরে এসেছেন ৭০৭৩৩ জন।
-এ
