
ফাতেহ ডেস্ক
করোনাভাইরাস আতঙ্কে পাকিস্তানের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার এক টুইটে পাকিস্তানি শিক্ষামন্ত্রী শাফকাত মাহমুদ এ ঘোষণা দেন। খবর রয়টার্স।
জানা যায়, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এবং সামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী।
টুইটে তিনি বলেন, আগামী ৫ এপ্রিল পর্যন্ত পাকিস্তানের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই কাল থেকে পাকিস্তানের সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ভকেশনাল ও মাদ্রাসা বন্ধ থাকবে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমাতে এ সিদ্ধান্তটি নেয়া হয়েছে। পাকিস্তান সরকার সব রকম গণজমায়েত থেকে দেশের নাগরিকদের দূরে থাকার পরামর্শও দিয়েছে।
উল্লেখ্য, পাকিস্তানে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছে ২১ জন। তবে দেশটিতে এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি।
উল্লেখ্য, এখন পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে চীনসহ সারা বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭৩ জনে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৬৭৮ জন। সুস্থ হয়েছে ৬৯ হাজার ১৪২ জন। আর চিকিৎসাধীন রয়েছে ৬০ হাজার ৫৬৪ জনের বেশি মানুষ। সর্বশেষ তথ্যানুযায়ী ভাইরাসটি ছড়িয়ে পড়েছে ১৩১টি দেশে।
-এ
