
ফাতেহ ডেস্ক :
কওমী মাদরাসাসমূহের সম্মিলিত শিক্ষাবোর্ড হাইআতুল উলয়ার পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। তবে মাদরাসায় শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। আবাসিক ছাত্ররা মাদরাসায় ও অনাবাসিক ছাত্ররা বাড়িতে নিয়ন্ত্রিত অবস্থায় থাকবে ।
পাশাপাশি মাদরাসাসমূহ দোয়াসহ সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থাগ্রহণ করবে। আজ সকালে হাইআতুল উলয়ার কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দের বৈঠকে এ সকল প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন উপস্থিত একাধিক সদস্য।
সূত্র জানায়, হাইআতুল উলয়ার কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দের বৈঠকে প্রাথমিকভাবে তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষাকার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলেও ছাত্ররা নিজ নিজ স্থানে নিয়ন্ত্রিত অবস্থায় পড়াশোনা চালাবেন। মাদরাসাসমূহ স্বাস্থ্য নিরাপত্তা বজায় রাখতে বিশেষ ব্যবস্থাগ্রহণ করবে।
সংক্রমণ নিয়ন্ত্রণে বোর্ডের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে কিনা বা পরবর্তীতে এর দায় কে নিবেন, এমন প্রশ্নে তারা জানান, বোর্ডের পক্ষ থেকে কোন বিস্তারিত নির্দেশনা না দেওয়া হলেও প্রত্যেক মাদরাসার পরিচালনা বোর্ড এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে দায়বদ্ধ থাকবেন।
এর আগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও সংক্রমণ ঠেকাতে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। আপাতত ৩১ মার্চ পর্যন্ত সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।
