করোনায় মসজিদে হারাম ও নববি ছাড়া সব মসজিদে নামাজ বন্ধ ঘোষণা সৌদির

ফাতেহ ডেস্ক

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববী ছাড়া সৌদি আরবের বাকি সব মসজিদে নামাজ আদায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সৌদি আরবে করোনাভাইরাসের প্রতিরোধে, জনগনের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে দেশটির সর্বোচ্চ ধর্মীয় সংগঠন দ্য কাউন্সিল অব স্কলার্স এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে মসজিদ পুরোপুরি বন্ধ করা হয়নি। সেখানে শুধু জামায়াতে নামাজ পড়া সাময়িক স্থগিত করা হয়েছে। নিয়মিত আজান হবে এবং সবাইকে বাসায় নামাজ পড়ার পরামর্শ দেয়া হয়েছে।

করোনাভাইরাসের প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এর আগেও মক্কা-মদীনার মসজিদ বন্ধ করেছিল সৌদি আরব। গত ৫ মার্চ মক্কার ঐতিহাসিক মসজিদ আল-হারামে কাবা শরিফ চত্বরে প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। একই দিন বন্ধ করে দেয়া হয় মদিনার মসজিদে নববীও। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষে একদিন পরেই ফের খুলে দেয়া হয় মসজিদ দু’টি।

সৌদি আরবে এ পর্যন্ত অন্তত ১৭১ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন অন্তত ৩৮ জন।

-এ

আগের সংবাদভারতের সংশোধিত নাগরিকত্ব আইন বৈধ ও সাংবিধানিক: আদালতকে কেন্দ্র
পরবর্তি সংবাদইরাকের নতুন প্রধানমন্ত্রী আদনান আল-জুরফি