
ফাতেহ ডেস্ক:
গণজমায়েত এড়িয়ে চলার সরকারি নির্দেশ অমান্য করে ইফতার পার্টির আয়োজন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী। তিনি ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। খবর ডিবিসি নিউজ।
খবরে বলা হয়, গতকাল ৫ মে মঙ্গলবার নগরীর পতেঙ্গা থানার দক্ষিণপাড়ায় নিজ বাড়িতে শতাধিক নেতাকর্মীদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করেন তিনি। গণজমায়েতের নির্দেশনা উপেক্ষা করে এই আয়োজন যেখানে মানা হয়নি সামাজিক দূরত্ব।
পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইফতার মাহফিল আয়োজনের প্রমাণ পেলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল করোনা ভাইরাসের বিস্তাররোধে জনসমাগম ঠেকাতে ইফতার মাহফিল আয়োজন ও যোগদানে নিষেধাজ্ঞা জারি করে ধর্ম মন্ত্রণালয়। এর আগে, সব ধরনের গণজমায়েত এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয় সরকারের পক্ষ থেকে।
