করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

ফাতেহ ডেস্ক

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় ছয় পুলিশ সদস্যের মৃত্যু হলো।

বুধবার সকাল ০৮টা ২০ মিনিটে সহকারী উপপরিদর্শক (এএসআই) রঘুনাথ রায় (৪৮) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদরদপ্তর জানায়,জনগণের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব পালনকালে করোনা আক্রান্ত হয়ে জীবন উৎসর্গ করেছেন রঘুনাথ রায়।

তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের আলফা কোম্পানিতে কর্মরত ছিলেন।

রঘুনাথ রায়ের মৃত্যুতে বাংলাদেশ পুলিশ গভীরভাবে শোকাহত। একই সঙ্গে দেশের মানুষের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে সহকর্মীর এমন আত্মত্যাগের জন্য বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য গর্বিত।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রঘুনাথ রায়ের করোনা ভাইরাস ধরা পড়ার পর তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

রঘুনাথ রায়ের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি স্ত্রী, এক কন্যা এবং এক পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পুলিশের ব্যবস্থাপনায় রঘুনাথ রায়ের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী তার মৃত্যু পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের ছয়জন গর্বিত সদস্য দেশ মাতৃকার সেবা করতে গিয়ে করোনায় মারা গেছেন। আক্রান্ত হয়েছে সহস্রাধিক।

-এ

আগের সংবাদএমপি হাবিবুর রহমান মোল্লার ইন্তিকাল
পরবর্তি সংবাদযুক্তরাষ্ট্রে করোনা গবেষকের অস্বাভাবিক মৃত্যু!