মেস ভাড়ার ৪০ শতাংশ মওকুফ!

ফাতেহ ডেস্ক

মহামারি করোনাভাইরাসের সংক্রমণের প্রভাবে বিপাকে পড়েছেন শহরের বিভিন্ন মেসে থাকা শিক্ষার্থীরা। পরিবারের আয় বন্ধ থাকায় মেস ভাড়া দিতে পারছেন না। অনেকে আবার করোনা আতঙ্কে দুই মাস ধরে গ্রামের বাড়ি অবস্থান করছেন। এমন অবস্থায় শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ ভাড়া মওকুফ করেছেন রাজশাহীর মেস মালিকরা।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রোববার রাজশাহী জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, মেট্রোপলিটন পুলিশ ও মেস মালিক সমিতির এক যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী এপ্রিল মাস থেকে প্রত্যেক মেস মেম্বারকে নিজ নিজ ভাড়ার ৬০ শতাংশ পরিশোধ করতে হবে।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক (ডিসি) হামিদুল হক বলেন, কোনো মেস মালিক যদি এই সিদ্ধান্ত না মানেন তাহলে তাকে মানতে বাধ্য করা হবে।

রাজশাহী মেস মালিক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, ইতোমধ্যে যেসব মেসের ভাড়া পুরোপুরি মওকুফ করা হয়েছে সেসব মেস এ সিদ্ধান্তের আওতাভুক্ত থাকবে না। তাই সেখানে ভাড়া দেয়ার প্রশ্নই উঠে না। দুই পক্ষের সুবিধার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, করোনার কারণে অনেকেই মেস ছেড়ে দিয়ে গ্রামে চলে গেছেন। কাজ বন্ধ থাকায় অনেকের অভিভাবক আর্থিক সংকটে ভুগছেন। এমন পরিস্থিতিতে মেসে না থেকেও ভাড়া দেয়ার কোনো যৌক্তিকতা নেই।

-এ

আগের সংবাদভারতে করোনা আক্রান্ত প্রায় ৬৩ হাজার, মৃতের সংখ্যা বেড়ে ২১০৯
পরবর্তি সংবাদএক হাজার তালেবান মুক্তি দিল আফগান সরকার