
ফাতেহ ডেস্ক:
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক মেডিসিন বিশেষজ্ঞের মৃত্যু হয়েছে। প্রয়াত ডা. এহসানুল করিম চট্টগ্রামের বেসরকারি মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।
আজ বুধবার দুপুর দেড়টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এ চিকিৎসকের মৃত্যু হয়।
বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী ডা. এহসানুল করিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. ফয়সল ইকবাল চৌধুরী জানান, ডা. এহসান করোনা পজিটিভ হয়ে চারদিন আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে দুপুরে তিনি মারা যান।
এই প্রথম চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে কোনো চিকিৎসকের মৃত্যু হলো। ডা. এহসানুল করিম আগে থেকে ক্যান্সার আক্রান্ত ছিলেন বলেও জানা গেছে।
-এ
