জাকির নায়েককে ফেরত চায় ভারত

ফাতেহ ডেস্ক:

জাকির নায়েকের বিরুদ্ধে সবশেষ অভিযোগ হল, ফেব্রুয়ারির রায়টে ইন্ধনদাতা এক ব্যক্তির সঙ্গে বিতর্কিত এই ইসলামবিদ দেখা করেছেন৷ নতুন দিল্লি তাকে ফেরত দিতে কুয়ালালামপুরের কাছে আহ্বান জানিয়েছে৷

ভারতীয় সংবাদমাধ্যম দ্য কুইন্ট বুধবার প্রকাশিত প্রতিবেদনে পুলিশের একটি আবেদনের ভিত্তিতে বলেছে, খালিদ সাইফি নামের এক গত ফেব্রুয়ারির দিল্লি রায়টের সন্দেহভাজন ইন্ধনদাতার সঙ্গে দেশের বাইরে সাক্ষাৎ করেছিলেন৷ সাইফি তার ‘এজেন্ডা ছড়িয়ে দিতে’ নায়েকের সহযোগিতা চেয়েছিলেন৷ ১৫ জুন এই আবেদন দাখির করে পুলিশ৷

এর আগে গত ১৪ মে ভারত নায়েককে মালয়শিয়ার কাছ থেকে ফেরত চায়৷ রক্ষণশীল এই ভারতীয় ইসলাম প্রচারক তিন বছরেরও বেশি সময় ধরে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে নির্বাসিত আছেন৷ সেখানে তার স্থায়ীভাবে থাকার অনুমতি রয়েছে৷

জাকির নায়েকের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে৷ সবচেয়ে বড় অভিযোগটি প্রায় আড়াইশ কোটি টাকার মানি লন্ডারিংয়ের৷ এছাড়া নানা সময়ে তার বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলার অভিযোগ রয়েছে৷ তবে সব অভিযোগই অস্বীকার করে এসেছেন তিনি৷

২০১৬ সালের জুলাই মাসে ঢাকায় হলি আর্টিজানের ঘটনায় হামলাকারীদের দু’জন নিব্রাস ইসলাম ও রোহান ইমতিয়াজ তার বক্তব্যের দ্বারা প্রভাবিত ছিল বলে অভিযোগ রয়েছে৷ তবে এই অভিযোগও তিনি বরাবরই অস্বীকার করে আসছেন৷

এ ঘটনার পর তার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর পড়ে৷ সে বছরই ভারত ও বাংলাদেশে তার মালিকানাধীন পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়৷ এরপরপরই তার বিরুদ্ধে আইনের ব্যত্যয় ঘটাবার অভিযোগ আনা হয়৷ ভারতীয় কাউন্টারটেররিজম এজেন্সি নায়েকের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনে৷ জাকির পালিয়ে যান মালয়শিয়ায়৷ সূত্র: ডয়েচে বেল

-এ

আগের সংবাদবিদেশি পর্যটকদের জন্য খুলছে দুবাই
পরবর্তি সংবাদমন্ত্রী নয়, ধর্ম মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী নিয়োগের সম্ভাবনাই বেশি