আবারও বাংলাদেশকে চিকিৎসা সামগ্রী দিলো তুরস্ক

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসের বিস্তার রোধে সহায়তার অংশ হিসেবে বাংলাদেশকে চিকিৎসা সামগ্রী দিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় দাতব্য সংস্থা তার্কিশ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সি (টিআইকেএ)। সোমবার (৬ জুলাই) দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী চট্টগ্রাম কর্তৃপক্ষের হাতে এসব সামগ্রী হস্তান্তর করা হয়েছে। খবর আনাদোলু এজেন্সি।

চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি আনাদোলু এজেন্সিকে বলেছেন, ‘আমরা শহরের মূল দুটি চিকিৎসা সেবা কেন্দ্রের জন্য মোট এক হাজার এন৯৫ মাস্ক, এক হাজার ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই), দুটি ভেন্টিলেটর এবং পাঁচ হাজার সার্জিক্যাল মাস্ক গ্রহণ করেছি।’ এসব সামগ্রী চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্যবহার করা হবে।

তার্কিশ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সির (টিআইকেএ) কান্ট্রি সমন্বয়ক ইসমাইল গানদোগদু বলেন, ‘২০১৪ সাল থেকে টিআইকেএ বাংলাদেশি জনগণের জন্য অনেক প্রকল্প বাস্তবায়ন করেছে আর আশা করছি সম্প্রতি সরবরাহ করা এই চিকিৎসা সামগ্রী করোনা মোকাবিলায় বাংলাদেশের অব্যাহত লড়াইয়ের সক্ষমতা বাড়াবে।’

উল্লেখ্য, এর আগে জুনের প্রথম সপ্তাহে তুরস্কের দাতব্য সংস্থাটি একই পরিমাণ চিকিৎসা সামগ্রী রাজধানী ঢাকার জন্য সরবরাহ করে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তখন এসব সামগ্রী হস্তান্তর করা হয়।

আগের সংবাদতুরস্কের আয়া সোফিয়া মসজিদ হবে নাকি জাদুঘরই থাকবে?
পরবর্তি সংবাদযুক্তরাষ্ট্রে ১৫ শতাংশ মুসলিম চিকিৎসক কমিয়েছে ট্রাম্প প্রশাসন