
ফাতেহ ডেস্ক:
করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতে সর্বোচ্চ ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী নিয়ে অফিস চালানোর সিদ্ধান্ত তুলে নেয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে কর্মকর্তা-কর্মচারীদের সবাইকে অফিসে উপস্থিত হতে হবে। তবে অসুস্থ, বয়স্ক ও সন্তানসম্ভাবারা বাড়িতে থেকেই অফিস করবেন।
এ বিষয়ে ব্যবস্থা নিতে অফিসপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, কাজের চাপ বেড়ে গেছে। অনেক কাজ জমাও পড়েছে। তাই কোনো কাজ আর ফেলে রাখা যাবে না। এ জন্য অফিস প্রধানরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তাই ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি অফিস করার নিয়মটি থাকছে না।
মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, মৌখিকভাবে সংশ্লিষ্টদের এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এখনো কাগজপত্রে এ নির্দেশনা দেওয়া হয়নি। রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে।
করোনাভাইরাসের বিদ্যমান পরিস্থিতিতে গত ১ জুন সচিবালয়ে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে একসঙ্গে সর্বোচ্চ ২৫ শতাংশ কর্মকর্তা–কর্মচারী নিয়ে অফিসের কাজ চলার নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই অনুযায়ীই এত দিন কাজ চলছিল।
