লেবাননে চার পার্লামেন্ট সদস্যের পদত্যাগ

অন্তর্জাতিক ডেস্ক:

লেবানন বন্দরে ব্যাপক বিস্ফোরণের পর ক্রমবর্ধমান জনগণের ক্ষোভের মধ্যে লেবাননের চারজন পার্লামেন্ট সদস্য পদত্যাগ করেছেন। এদের মধ্যে লেবাননের কাতায়েব পার্টির তিনজন সংসদ সদস্য এবং একজন স্বতন্ত্র সংসদ সদস্য। খবর আনাদলু এজেন্সি।

পদত্যাগের পর সংসদ সদস্য নাদিম গেমায়েল বলেন, ‘আমরা এবং আরো কয়েকজন সম্মানিত সংসদ সদস্য রাজনৈতিক প্রভাবশালীদের মুখোশ খুলে দেব।’

এদিকে নারী সংসদ সদস্য পলা ইয়াকুবিয়ানও তার পদত্যাগের কথা ঘোষণা করেছেন। তিনি লেবাননের অন্যান্য আইন প্রণেতাদের প্রতিও একই আহ্বান জানিয়েছেন। তিনি টুইটারে বলেন, ভেতর থেকে বিরোধিতা আর কাজে লাগবে না।

এই সপ্তাহের শুরুতে লেবাননের ডেমোক্রেটিক দলের সংসদ সদস্য মারওয়ান হামাদেহ বৈরুত বন্দর বিস্ফোরণের প্রতিবাদে সংসদ থেকে পদত্যাগ করেন।

উল্লেখ্য, মঙ্গলবারের বিস্ফোরণে অন্তত ১৫৪ জন নিহত এবং প্রায় ৭ হাজার জন আহত হয়েছে। বিস্ফোরণে লেবাননের রাজধানীর বেশ কয়েকটি এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবাননের কর্মকর্তারা বলছেন, গত ছয় বছর ধরে বন্দরে অনিরাপদভাবে মজুদ করা ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণের ফলে এই বিস্ফোরণ ঘটেছে।

সরকার এই ঘটনার তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে, যা ঘটেছে যখন লেবানন তার সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ছে।

আগের সংবাদ১০ আগস্ট থেকে তামিলনাড়ুতে খুলছে মসজিদ মন্দির
পরবর্তি সংবাদসাদাকাহ ফাউন্ডেশনের গোশত বিতরণ কর্মসূচী