জোয়ারের পানিতে ১ সপ্তাহ ধরে প্লাবিত বাগেরহাট

ফাতেহ ডেস্ক: জোয়ারের পানিতে প্রায় এক সপ্তাহ ধরে প্লাবিত বাগেরহাটের যাত্রাপুর ইউনিয়ন। তলিয়েছে মাছের ঘের, খেত-খামার, রাস্তাঘাট। দুর্গতরা জানান, অমাবস্যা ও পূর্ণিমার সময় প্রায়ই পানিবন্দি হয়ে পড়েন তারা। পানি উন্নয়ন বোর্ড বলছে বাঁধ উঁচু করা ছাড়া এই সমস্যার আপাতত কোনো সমাধান নেই।

এর আগেও ভৈরব নদের পানিতে প্লাবিত হয়েছে বাগেরহাটের যাত্রাপুর। তবে এবারের চিত্র অনেক ভয়াবহ।

দুর্গতরা বলছেন, অমাবস্যা ও পূর্ণিমায় জোয়ারের পানি ঢুকে পড়ে যাত্রাপুরে। তবে এবারের ক্ষতির পরিমাণ অনেক বেশি। রাস্তা উপচে প্লাবিত হয়েছে অন্তত ৫টি গ্রাম। ভেসে গেছে মাছের ঘের। ভেঙে পড়েছে যোগাযোগব্যবস্থা।

জনপ্রতিনিধিরা জানান, গত ৫ বছর ধরে এমন ভোগান্তির স্বীকার হচ্ছেন স্থানীয়রা। এ নিয়ে ব্যবস্থা নিতে বিভিন্ন দপ্তরে আবেদন জানানো হলেও মেলেনি প্রতিকার।

তবে শিগগিরই এই সমস্যা সমাধানের কোনো কার্যকর আশ্বাস দিতে পারেননি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের জন্য প্রকল্প তৈরি করা হয়েছে বলেও জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে অর্থ বরাদ্দ কখন হতে পারে জানাতে পারেনি তারা।

আগের সংবাদভারতে ৬ তলা ভবন ধসে নিহত ৪
পরবর্তি সংবাদশহীদের সম্মানে ৩০ লাখ বৃক্ষরোপন আজ