বিস্ফোরণে দগ্ধ একজন হাসপাতাল ছাড়লেন

ফাতেহ ডেস্ক:

নারায়ণগঞ্জের তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলছে। এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পক্ষ থেকে। অন্যদিকে সুখবর হলো, এই প্রথম একজনকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। আজ (সোমবার) বিকেলে মো. মামুন নামের ওই ব্যক্তিকে ছাড়পত্র দেওয়া হয়।

ইন্সটিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, মামুনের শ্বাসনালী দগ্ধ হয়নি-এটাই ছিল তার জন্য প্লাস পয়েন্ট। তাছাড়া তার শরীরের ১৫ শতাংশ পুড়েছে। তারপরও এটা আমাদের জন্য স্বস্তির এজন্য যে, অনেকগুলো মৃত্যুর পর এই প্রথম একজন বাড়ি ফিরলেন। তাকে দুই সপ্তাহ পর আবার দেখা করতে বলা হয়েছে। এর মাঝখানে কোনো সমস্যা হলে যোগাযোগ করবেন।

ডা. সামন্ত লাল সেন আরো বলেন, আমাদের ইনস্টিটিউটে মোট ৩৭ জনকে ভর্তি করা হয়েছিল। তন্মধ্যে ২৭ জন মারা গেছেন এবং আজ একজনকে আমরা ছাড়পত্র দিলাম। অর্থাৎ চিকিৎসাধীন আছেন আর ৯ জন। এদের ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। দেশবাসীর দোয়া চাই।

ওদিকে আজ সোমবার মসজিদে বিস্ফোরণের এই ঘটনায় নিহত এবং আহতদের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনার জন্য আদালতে একটি রিট দায়ের করা হয়েছে। জনস্বার্থে রিটটি করেছেন নারায়ণগঞ্জের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মার ইয়াম খন্দকার। রিটে বিবাদী করা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি সচিব, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, তিতাস গ্যাস কর্তৃপক্ষকে।

আগের সংবাদফেসবুককে বাংলাদেশের আইন মানতে হবে: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী
পরবর্তি সংবাদফিলিস্তিনের জন্য সুষ্ঠু ও স্থায়ী সমাধান চায় সৌদি