
ফাতেহ ডেস্ক:
কিশোরগঞ্জ ও চাঁদপুরে নতুন দুটি বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে।
বুধবার সংসদে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়- কিশোরগঞ্জ বিল, ২০২০ এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২০ নামে দুটি বিল সংসদে উপস্থাপন করেন। এ সময় সংসদের সভাপতি ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বিল দুটি কণ্ঠভোটে দিলে, তা সর্বসম্মতভাবে পাস হয়।
বিল দুটির ওপর বিরোধীদলীয় কয়েকজন সদস্য জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনী প্রস্তাব আনলে কয়েকটি সংশোধনী গ্রহণ করা হয়। বাকি প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়- কিশোরগঞ্জ বিলে এ বিশ্ববিদ্যালয় স্থাপন, পাঠদান প্রক্রিয়া, চ্যান্সেলর, উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্টার, ডিনসহ শিক্ষক-কর্মকর্তা নিয়োগ, প্রশাসন পরিচালনা, তহবিল, বাজেট, হিসাবসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দষ্ট বিধান করা হয়েছে।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্দেশ্য ও কারণের বিষয়ে বলা হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় বিশ্বের সঙ্গে সংগতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও আধুনিক জ্ঞানচর্চা, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে যথাযথ গুরুত্ব প্রদানসহ, পঠন-পাঠন ও গবেষণার সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় থেকে চাঁদপুর জেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আইনটির প্রস্তাবনায় আরো বলা হয়েছে, উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ এবং সম্প্রসারণ কার্যক্রমের অগ্রগতিকল্পে এবং এ বিশ্ববিদ্যালয়ের বিজনেস ইনকিউবেটরের মাধ্যমে দেশে-বিদেশে তথ্যপ্রযুক্তি খাতে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান সম্প্রসারণ করে অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে দেশকে উন্নত দেশে রূপান্তর করার লক্ষ্যে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা অতি প্রয়োজনীয় ও যুক্তিযুক্ত।
