ইলিশ পেয়ে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিল ভারত

ফাতেহ ডেস্ক:

ভারতে সীমিত আকারে পূজা স্পেশাল ইলিশ রফতানির ১২ টনের প্রথম চালান সোমবার বিকালে বেনাপোল বন্দর দিয়ে রফতানি হয়েছে। রোববার ৯ জন ইলিশ রফতানিকারককে মোট ১ হাজার ৪৭৫ টন ইলিশ রফতানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

খুলনার জাহানাবাদ সি ফিশ লিমিটেড নামে একটি রফতানিকারক প্রতিষ্ঠান সোমবার ১২ টন ইলিশ মাছ ভারতে রফতানি করেছে। প্রতি কেজি ইলিশ মাছ ১০ মার্কিন ডলার মূল্যে রফতানি করা হচ্ছে ভারতে। সোমবার মোট ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার মূল্যের ইলিশ রফতানি করা হয় ভারতে।

ভারতের কলকাতার আমদানিকারক প্রতিষ্ঠান জে কে ইন্টারন্যাশনাল ১২ টন ইলিশ আমদানি করেছে। কাস্টমসের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রফতানি করেন মিলা এন্টারপ্রাইজ নামে একটি সিএন্ডএফ এজেন্ট।

এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই বেনাপোল বন্দর দিয়ে বন্ধ হয়ে গেল পেঁয়াজের আমদানি। সোমবার বিকালে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত। ফলে বেনাপোলের ওপারের পেট্রাপোলে আটকা পড়ে আছে পেঁয়াজ ভর্তি প্রায় ১৫০টি ট্রাক। একই অবস্থা ভোমরা বন্দরেও।

সোমবার সকাল থেকে ভোমরা বন্দর দিয়ে কোনো পেঁয়াজের গাড়ি বাংলাদেশে প্রবেশ করেনি।

ভারতের একটি সূত্র জানায়, দেশের সব বন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজের আমদানি বন্ধ রয়েছে। বেনাপোল বন্দর দিয়ে সকালের দিকে ৫০ মেট্রিক টন পেঁয়াজ ঢোকার পরপরই দেশের সবগুলো বন্দর দিয়ে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারতের পেঁয়াজ রফতানিকারকদের সংগঠন।

আগের সংবাদপশ্চিমবঙ্গে ‘পুরোহিত ভাতা’ চালুর ঘোষণা দিলেন মমতা
পরবর্তি সংবাদঅস্ট্রেলিয়ায় লকডাউন বিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার ৭৪