অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

যেকোনো দুর্যোগে যেকোনো পরিস্থিতিতে মানুষ যখনই কোনো অসহায় অবস্থায় পড়েছে তখনই পা‌শে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ। এমনটাই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদ দমন থেকে শুরু করে কোভিড পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ পুলিশের ভূমিকা আমাদেরকে মনে করিয়ে দেয় বঙ্গবন্ধুর সেই ‘জনতার পুলিশ’র কথা। বাংলাদেশ পুলিশ ধীরে ধীরে সত্যিকার অর্থেই বঙ্গবন্ধুর ‘জনতার পুলিশ’ এবং প্রধানমন্ত্রীর ‘জনবান্ধব পুলিশ’ এ রূপান্তরিত হচ্ছে। আমাদের বর্তমান পুলিশ আর সেই আগের পুলিশ নয়; আমরা এখন তাদের নাগরিক সেবার প্রত্যয় দেখে গর্ববোধ করি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সে এক মতবিনিময় সভায় বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় নাগরিক সেবাকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আইজিপি’র প্রায়োগিক বিট পুলিশিং কার্যক্রমকে অধিকতর ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা হয়। সেই সাথে বাংলাদেশ পুলিশের দুই লক্ষাধিক সদস্য যাতে বিকেন্দ্রীভূত হয়ে নিবিড় পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারে, সেজন্য তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে বিভাগীয় ও জেলা পর্যায়ে ‘পুলিশ মেডিকেল সার্ভিসেস’ গঠনের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা আলোচনা করা হয়।

বাংলাদেশ পুলিশের সদস্যরা যাতে ঢাকামুখী না হয়ে, জেলা শহর কেন্দ্রিক চাকরির চিন্তা করেন সেজন্য বিভাগীয় পর্যায়ে পুলিশ সদস্যদের সন্তানদের জন্য উন্নত মানের বিদ্যাপীঠ প্রকল্প নেয়ার বিষয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, অতিরিক্ত সচিব ড. মো. হারুন-অর-রশিদ বিশ্বাসসহ বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজিপিবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আগের সংবাদকরোনায় জরুরি অবস্থার পথে ইউরোপ, যুক্তরাষ্ট্রে উদ্বেগ
পরবর্তি সংবাদকরোনার অবসরে কোরআনের ক্যালিগ্রাফি তৈরি করলেন ট্যাক্সি চালক