আজকালের মধ্যে কুয়েত প্রবাসীদের বিষয়ে সিদ্ধান্ত!

ফাতেহ ডেস্ক:

দেশে এসে করোনার কারণে আটকে পড়া প্রবাসীদের কর্মক্ষেত্রে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে কুয়েত। বাংলাদেশ সময় আজ বুধবার রাতে বৈঠকটি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

গত ৪-৫ অক্টোবর দেশটি সফর করে আসা মন্ত্রী আজ বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। এ সময় কুয়েতি পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে তিনি বলেন, আজ রাতে বৈঠকে বসছেন তারা।

এ বৈঠকে কুয়েতে ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসীদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়েছে। দেশটির প্রবাসীদের বিষয়ে ‘খুব নিয়ন্ত্রিত পদ্ধতিতে কাজ করছে’ উল্লেখ করে এ কে আব্দুল মোমেন বলেন, আমরা আশা করছি, আজ-কালের মধ্যে প্রবাসীদের বিষয়ে কুয়েতের সিদ্ধান্ত পাবো।

কুয়েতি সাবেক আমির শেখ সাবাহর মৃত্যু ও নতুন আমিরের ক্ষমতা গ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রীকে দূত হিসেবে দেশটিতে পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফর শেষে দেশটিতে আটক সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের বিষয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় তিনি বলেন, শুনেছি- কুয়েতের ব্যবসায়ী হিসেবে তিনি অনেক লোককে চাকরি দিয়েছেন। সেখানকার কিছু দুষ্ট লোক খুঁজে বের করছে, তিনি কাদেরকে চাকরি দিয়েছেন। তাদেরকে মনিটর করা হচ্ছে, ভালো হলে না রাখায় বের করে দিচ্ছে। এতে বাংলাদেশি কিছু লোকের চাকরি হারানোর আশঙ্কা রয়েছে।

স্থানীয় অপরাধী হিসেবে কাজী পাপুলের বিচার হচ্ছে জানিয়ে আব্দুল মোমেন বলেন, এতে সরকারে কোনো ধরনের অস্বস্তি নেই। এ সফরে কুয়েতের নতুন আমির শেখ নাওয়াফ ও সেদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি।

আগের সংবাদসংঘাত বন্ধে একসঙ্গে কাজ করবে তুরস্ক-ইইউ
পরবর্তি সংবাদফিলিস্তিনি বন্দীদের পরিবারের তহবিল ‘বাজেয়াপ্ত’