ফিলিস্তিনি বন্দীদের পরিবারের তহবিল ‘বাজেয়াপ্ত’

ফাতেহ ডেস্ক:

ফিলিস্তিনি বন্দি ও শহীদ পরিবারে অর্থ হস্তান্তরের তহবিল জব্দ করে চারটি আদেশে স্বাক্ষর করেছেন ইজরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ। মঙ্গলবার তিনি এ আদেশগুলোতে স্বাক্ষর করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইজরায়েলের কারাগারে বন্দী থাকা ফিলিস্তিনিদের কাছে হামাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) যে অর্থ হস্তান্তর করে আসছে, সেগুলোই জব্দ করা হয়েছে। হামলার সময় যে সব ফিলিস্তিনি নিহত হয়েছিল তাদের পরিবারের সদস্যদের জন্য গঠিত তহবিলকে লক্ষ্য করেই এই আদেশ।

বেনি গ্যান্টজ অভিযোগ করে বলেন, এই অর্থ প্রদান সন্ত্রাসবাদী হামলা তীব্র করতে এবং বন্দীদের ও তাদের পরিবারকে পুরস্কৃত করার জন্য সন্ত্রাসী সংগঠনগুলোর নিয়মতান্ত্রিক ও সংগঠিত ক্রিয়াকলাপের অংশ।

এই আদেশের ফলে শিলওয়ান পাড়া থেকে আবদেল রহমান শালৌদির মায়ের কাছে অর্থ হস্তান্তর আটকে গেছে। যিনি ইসরায়েলি কর্তৃপক্ষের মতে পূর্ব জেরুজালেমের লাইট রেল স্টেশনের পাশে লোকদের ভিড়ের মধ্যে তার গাড়িচালিত অবস্থায় নিহত হয়েছিলেন।

আজ বুধবার মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়, ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের পরিবারে অর্থ হস্তান্তর পর্যবেক্ষণের জন্য ফিলিস্তিনের ব্যাংকগুলোতে তাদের ক্র্যাকডাউন আরো তীব্র করেছে।

ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, ফিলিস্তিন ব্যাংক চলতি মাসে ২৫০ এর বেশি বন্দী, শহীদ ও তাদের পরিবারের সদস্যদের অ্যাকাউন্ট স্থগিত বা বন্ধ করে দিয়েছে।

আগের সংবাদআজকালের মধ্যে কুয়েত প্রবাসীদের বিষয়ে সিদ্ধান্ত!
পরবর্তি সংবাদহোয়াইট হাউসে করোনা আক্রান্ত বেড়ে ১৭