
ফাতেহ ডেস্ক:
দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বাইগান। আগামী ১৪ অক্টোবর তিনি ঢাকায় আসবেন এবং ১৬ অক্টোবর চলে যাবেন। শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তথ্যটি জানিয়ে বলা হয়েছে, ঢাকায় আসার আগে বাইগান তিন দিনের সফরে দিল্লিতে যাবেন।
বিবৃতিতে বলা হয়, এই সফরকালে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করবেন। পাশাপাশি আলোচনার মাধ্যমে ঢাকা-ওয়াশিংটনের অংশীদারিত্বের বিষয়টি পুনঃনিশ্চিত করবেন।
বাংলাদেশ সফরে তিনি সকলের সমৃদ্ধির জন্য একটি স্বাধীন, অবাধ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার ব্যাপারে আলোচনা করবেন। এ ছাড়া করোনা মোকাবেলা ও অর্থনীতি পুনরুদ্ধার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় দুই দেশের অংশীদারিত্ব ও যৌথ সহযোগিতা নিয়ে কথা বলবেন।
এদিকে, ঢাকার কূটনৈতিক সূত্র বলছে, স্টিফেন বাইগানের এই সফরে দ্বিপক্ষীয় অংশীদারিত্বের গুরুত্বপূর্ণ অনেক ইস্যু নিয়ে আলোচনা হবে। মার্কিন নির্বাচনের আগ মুহূর্তে ট্রাম্প প্রশাসনের অন্যতম শীর্ষ এই কূটনীতিকের ঢাকা সফর ওয়াশিংটনের সঙ্গে সরাসরি সম্পর্ক প্রতিষ্ঠার আলামত হিসেবে ধরে নেয়া যায়।
