অর্থের বিনিময়ে কালো তালিকা থেকে সুদানকে বাদ দিচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

সন্ত্রাসবাদে মদত দেয়ার অজুহাতে সুদানকে কালো তালিকাভুক্ত করে রেখেছে আমেরিকা। শর্তসাপেক্ষে সেই নিষেধাজ্ঞা তুলছেন ট্রাম্প। খবর ডয়েচে ভেলে।

প্রেসিডেন্ট ট্রাম্পের শর্ত হলো, সন্ত্রাসী হামলায় মৃত ও ক্ষতিগ্রস্ত এবং তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে সুদানকে। তাহলেই কালো তালিকা থেকে সুদানের নাম সরিয়ে নেবেন তিনি। সন্ত্রাসে মদত দেয়ার অজুহাতে সুদানের নাম কালো তালিকায় রেখেছিল আমেরিকা।

ট্রাম্প টুইট করে জানিয়েছেন, ‘সুদান সরকার ক্ষতিগ্রস্ত আমেরিকান পরিবারগুলোকে ৩৩ কোটি ৫০ লাখ ডলারের প্যাকেজ দিতে রাজি হয়েছে। এই অর্থ জমা পড়লেই আমি সন্ত্রাসবাদে মদতকারী রাষ্ট্রের তালিকা থেকে সুদানের নাম সরিয়ে দেব।’

সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক জবাবে বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেক ধন্যবাদ। আমরা মার্কিন কংগ্রেসে সুদান নিয়ে আপনার প্রস্তাব পাঠানোর দিকে তাকিয়ে আছি। কালো তালিকাভুক্ত হওয়ায় সুদানের প্রচুর ক্ষতি হয়েছে।’

১৯৯৩ সালে আমেরিকা কালো তালিকাভুক্ত করেছিল সুদানকে। অভিযোগ ছিল, সুদান সরকার সন্ত্রাসবাদে মদত দিচ্ছে। সে সময়ে সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির গত বছর বিক্ষোভের ফলে ক্ষমতাচ্যূত হয়েছেন। বসিরের সঙ্গে আল কায়দার যোগ ছিল বলে আমেরিকার অভিযোগ।

সুদান এখন যে প্যাকেজ দিতে রাজি হয়েছে, তার মধ্যে ১৯৯৮ সালে তাঞ্জানিয়া ও কেনিয়ায় এবং ২০০০ সালে ইয়েমেনে মার্কিন দূতাবাসে আক্রমণে ক্ষতিগ্রস্ত আমেরিকানদের ক্ষতিপূরণও ধরা আছে।

আগের সংবাদস্লোভাকিয়ার সকল নাগরিকের করোনা পরীক্ষা করা হবে
পরবর্তি সংবাদবিদেশগামীদের করোনা পরীক্ষার অনুমতি পেলো ১০ টি বেসরকারি প্রতিষ্ঠান