আচমকা হামলায় ২৫ আফগান নিরাপত্তাকর্মী নিহত

ফাতেহ ডেস্ক:

তালেবান যোদ্ধাদের গুপ্ত হামলায় আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে দেশটির অন্তত ২৫ জন নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বুধবার তাখার রাজ্যে আফগান নিরাপত্তা কর্মীদের ওপর তালেবানদের এই হামলার ঘটনা ঘটে। পাল্টা হামলায় অনেক তালেবান যোদ্ধাও হতাহত হয়েছে বলে দাবি রাজ্য গভর্নরের মুখপাত্র জাওয়াদ হেজরি।

এএফপিকে তিনি বলেন, এখনো লড়াই চলছে। তালেবানদের মধ্যেও অনেক হতাহত হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাখার প্রদেশের স্বাস্থ্য বিষয়ক পরিচালক আব্দুল কাইয়ুম। তার দাবি, এতে প্রাদেশিক পুলিশের ডেপুটি প্রধানসহ ৩৪ জন নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।

এসব নিরাপত্তাকর্মী একটি অভিযান চালানোর জন্য যাচ্ছিল, তখনই আক্রমণের শিকার হয় তারা। ওই এলাকার আশপাশের বাড়িগুলোতে অবস্থান নিয়েছিল। শত্রুদের বিপক্ষে অভিযান চালানোর জন্য যাওয়া আমাদের বাহিনীর ওপর তারা গুপ্ত হামলা চালায়।

তবে এ হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি তালেবান। কাতারের দোহায় তালেবান ও আফগান সরকারের চলমান শান্তি আলোচনার মধ্যে আফগানিস্তানে সম্প্রতি এসব হামলার সংখ্যা ঢের বেড়েছে। এতে শান্তি আলোচনা ভেস্তে যায় কি-না সে শঙ্কাও দেখা দিয়েছে।

আগের সংবাদপ্রথমবারের মতো বাইডেনের প্রচারণায় ওবামা
পরবর্তি সংবাদধর্ষণের ঘটনায় সালিশ করা কেন অবৈধ নয়, জানতে চাইলেন হাইকোর্ট