
আন্তর্জাতিক ডেস্ক:
কানাডার পার্লামেন্টারি সাব কমিটি সংখ্যালঘু উইঘুর মুসলমানদের বিরুদ্ধে চীনের নির্যাতন-নিপীড়ন এবং নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়েছে। উইঘুর মুসলমানদের নির্যাতনের কারণে গত বুধবার বেইজিংয়ের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞারও আহ্বান জানায় কমিটি। খবর দ্যা গ্লোব এন্ড দ্যা মেইলের।
খবরে বলা হয়, ২০১৮ এবং ২০২০ সালে উইঘুর নির্যাতন নিয়ে আন্তর্জাতিক তদন্তের দুটি প্রতিবেদনই সাব কমিটির সামনে উপত্থাপন করা হয়। তথ্য প্রমাণ বিশ্লেষণ করে কমিটি জানায়, উইঘুরদের বিরুদ্ধে চীনের নির্যাতন জাতিসংঘের জেনোসাইড কনভেশন অনুযায়ী গণহত্যার সামিল।
সাব কমিটি দ্ব্যর্থহীনভাবে জিনজিয়ানে উইঘুর এবং তুর্কি মুসলমানদের ওপর চীনের নির্যাতনের নিন্দা জানিয়েছে। এতে ক্ষমতাসীন লিবারেল পার্টিসহ কানাডার তিনটি রাজনৈতিক দলই একাত্মতা প্রকাশ করে।
উইঘুরদের বিরুদ্ধে চীনা নির্যাতনকে গণহত্যা হিসেবে আখ্যা দেয়াকে স্বাগত জানিয়েছে কানাডার মুসলিম সহযোগিতা সংস্থা জাস্টিস ফর অল কানাডা টিম।
চীনা সরকারের গণহত্যার নিন্দা জানানোর জন্য কানাডার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সাব কমিটি। কমিটি জানিয়েছে, চীনা কমিউনিস্ট সরকারের প্রতি তারা নিন্দা জ্ঞাপন করছেন। এছাড়া চীনা সরকার যাতে জিনজিয়ানের উইঘুর বন্দিশালায় পর্যবেক্ষকদের প্রবেশ করতে দেয় তা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুড্রোকে পরামর্শ দিয়েছে সাব কমিটি।
