ইজরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোষণা দিল সুদান

আন্তর্জাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পর এবার ইজরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে সুদান। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্র, ইজরাইল ও সুদানের এক যৌথ বিবৃতিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর আল জাজিরা।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সুদান ও ইজরাইলের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব মিটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের বিষয়ে উভয় দেশের নেতারা একমত হয়েছেন।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইজরাইল ও সুদানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেই বিষয়টি পোক্ত করেন ট্রাম্প। কথা বলেন সুদানের অন্তর্বর্তীকালীন কাউন্সিলের প্রধানের সঙ্গেও।

এ নিয়ে গত মাসের মাথায় তৃতীয় আরব দেশ হিসেবে ইজরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোষণা দিলো সুদান। এ সপ্তাহের গোড়ার দিকেই যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদী রাষ্ট্রের তালিকা থেকে সুদানের নাম বাদ দেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। দৃশ্যত ইজরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের শর্তেই এ তালিকা থেকে অব্যাহতি পেয়েছে দেশটি।

এদিকে সুদানের অন্তর্বর্তী সামরিক সরকারের ন্যাক্কারজনক সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল উম্মাহ’র নেতা ও দুইবারের সাবেক প্রধানমন্ত্রী সাদিক আল-মাহদি।তিনি তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্থাপনের পরিণতির ব্যাপারে সামরিক সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন।

সুদানি সাংবাদিকদের প্রধান সংগঠনের প্রধান আস-সাদিক আর-রুজাইকি বলেছেন, সুদানের জনগণ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিরোধী।

এর আগে সাম্প্রতিক সময়ে মার্কিন চাপের মুখে তেল আবিবের সঙ্গে খার্তুমের সম্পর্ক স্থাপনের গুঞ্জন শুরু হওয়ার পর সুদানের আলেমদের সংগঠন ‘মাজমায়ে ফিকহে ইসলামি’ তেল আবিবের সঙ্গে যেকোনো ধরনের সম্পর্ক স্থাপনকে ‘হারাম’ বলে ফতোয়া দিয়েছিল।

এ ঘটনাকে ফিলিস্তিনিদের পিঠে নতুন আরেকটি ছুরি হিসেবে আখ্যায়িত করেছে ফিলিস্তিনিরা।

আগের সংবাদলিবিয়ায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর
পরবর্তি সংবাদলিবিয়ার যুদ্ধবিরতি চুক্তি উচ্চপর্যায় থেকে করা হয়নি: এরদোগান