
ফাতেহ ডেস্ক:
ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন। করোনার সংকট কাটিয়ে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ও বিনিয়োগ আরও বাড়াতে কি কাজ করা হচ্ছে বা হবে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি একথা জানান।
তিনি বলেন, করোনার কারণে যে অর্ডারগুলো বাতিল হয়েছিল তা পুনরুদ্ধারে কাজ করছে দূতাবাস। বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়ে দু’দেশের বাণিজ্য নিয়ে কীভাবে কাজ করা যায়, সে বিষয়ে আলাপ আলোচনা করা হবে।
জানা গেছে, বিশ্ব মহামারি করোনার কারণে দু’দেশের বাণিজ্যে কিছুটা প্রভাব পড়েছে। ২০১৯-২০ অর্থবছরে ফ্রান্সে বাংলাদেশের রফতানি লক্ষ্যমাত্রা ২ দশমিক ৪ বিলিয়ন ডলার হলেও অর্জিত হয়েছে ১ দশমিক শূন্য সাত বিলিয়ন।
ফ্রান্সে গার্মেন্টস, হিমায়িত খাদ্য, পাট ও পাটজাত পণ্যের চাহিদা থাকায় বাংলাদেশ এগুলো রফতানি করে আসছে। বিপরীতে ফ্রান্স এদেশে রফতানি করে রাসায়নিক, সুগন্ধি, প্রসাধনসামগ্রী, ফার্মাসিটিক্যালস ও কৃষিভিত্তিক পণ্য।
২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্স সফরকালে স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে বাংলাদেশে ফরাসি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার আমন্ত্রণ জানিয়েছিলেন।
