দেশে দেশে ফরাসি পণ্য বয়কটের ডাক

ফাতেহ ডেস্ক:

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননা ও ফ্রান্স সরকারের ইসলাম বিদ্বেষ ছড়ানোর অভিযোগে বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলোতে ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন ইসলামপন্থী নেতারা। বিশেষ করে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইতোমধ্যে ফরাসি পণ্য বর্জন করা শুরু করেছেন ব্যবসায়ীরা।

সম্প্রতি ফ্রান্সে হযরত মুহাম্মদ (সা.) কে ব্যঙ্গ করে তৈরি কার্টুনকে কেন্দ্র করে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে এক শিক্ষককে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর থেকেই সেখানে আন্দোলনে রাস্তায় নেমে এসেছেন দেশটির সাধারণ জনতা। এরই মধ্যে ফরাসি প্রেসিডেন্ট ইমমানুয়েল ম্যাক্রোঁন সরাসরি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের পক্ষে অবস্থান নেন।

তিনি জানান, ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ থেকে ফ্রান্স সরে আসবে না এবং এটা অব্যাহত রাখা হবে। এমনকি এ ঘোষণার পর দেশটির সরকারি ভবনগুলোতে সরকারিভাবে বিতর্কিত ওই কার্টুন প্রদর্শন করা হচ্ছে। যা পুরো বিশ্ব মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলে অভিযোগ আলেমদের।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে সরাসরি ঘটনাটির নিন্দা জানানো হয়েছে। আর দেশটির বিরোধী দল ইসলামিক একশন ফ্রন্ট নাগরিকদের ফরাসি পণ্য বয়কট করার আহ্বান জানিয়ে বলেছে, নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে ম্যাক্রোঁনের।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, কাতার ও কুয়েতের মার্কেটগুলোতেও ফরাসি পণ্য বয়কট করতে দেখা গেছে। এ সংক্রান্ত বিভিন্ন ছবি ও পোস্ট তারা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে শেয়ার করছে। যে সব দোকানে ফরাসি পণ্য ছিল, সেগুলো ইতোমধ্যে খালি করে ফেলা হয়েছে।

আগের সংবাদমাস্ক না পরলে সকল প্রতিষ্ঠানে সেবা বন্ধের নির্দেশ
পরবর্তি সংবাদ২৭ অক্টোবর ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস ঘেরাও করবে ইসলামী আন্দোলন