স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি দুই দিন রেখেই খসড়া তালিকা চূড়ান্ত

ফাতেহ ডেস্ক:

প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিনের সাপ্তাহিক ছুটি রেখেই আগামী ২০২১ শিক্ষাবর্ষের ছুটির খসড়া তালিকা চূড়ান্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রস্তাবিত তালিকাটি অনুমোদনের জন্য শিগগির মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা এ তালিকা অনুমোদন দিলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। এ ছুটির ভিত্তিতে অনুমোদিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী বছরের ক্লাস-ছুটি-পরীক্ষাসহ সকল শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।

খসড়া তালিকা অনুযায়ী, ২০২১ সালে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি আটদিন। মোট ২২ দিন সাধারণ ও নির্বাহী আদেশের ছুটি হলেও সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার ও শনিবার। দুই দিনের সাপ্তাহিক ছুটি কার্যকর হবে প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানেও। বিদ্যমান ব্যবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি রয়েছে কেবল শুক্রবার।

মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপরই ২০২১ সালে ক্যালেন্ডার ছাপানোর প্রক্রিয়া শুরু হবে। বিভিন্ন বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানও সরকারি ছুটি অনুসরণ করে ক্যালেন্ডার প্রকাশ করবে।

আগের সংবাদমধ্যপ্রাচ্যের নিকট পণ্য বয়কট বন্ধের অনুরোধ ফ্রান্সের
পরবর্তি সংবাদনতুন যুদ্ধবিরতিতে আর্মেনিয়া-আজারবাইজান