
আন্তর্জতিক ডেস্ক:
ফ্রান্সের লিওন শহরের একটি চার্চের বাইরে বন্দুকহামলার শিকার হয়েছেন এক ধর্মযাজক। শনিবার বিকেলে তার বুক বরাবর খুব কাছ থেকে দুইবার গুলি করা হয় বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গুলি চালানোর পর হামলাকারী পালিয়ে গেছে। তবে লিওনের সরকারি কৌঁসুলী নিকোলাস জ্যকুয়েঁ বলেন, প্রাথমিক সাক্ষীদের বর্ণনার সঙ্গে সামঞ্জস্য রয়েছে এমন একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে, ওই ব্যক্তিকে আটকের সময় তার কাছে কোনও অস্ত্র পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি। এছাড়া, হামলার কারণ এখনও নিশ্চিত করতে পারেনি কোনও পক্ষ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, নিকোলাস কাকাভেলাকি নাম ৫২ বছর বয়সী গ্রিক অর্থোডক্স ধর্মযাজককে শটগান দিয়ে গুলি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
লিওনের সরকারি কৌঁসুলীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রত্যক্ষদর্শী এবং টহলরত পুলিশরা গুলির আওয়াজ শুনতে পান। এরপর এক ব্যক্তিকে সেখান থেকে পালিয়ে যেতে দেখেন এবং চার্চের পেছনের দরজায় একজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান।
কৌঁসুলীরা জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে ফ্রান্সের ন্যাশনাল অ্যান্টি-টেরোরিস্ট প্রসিকিউশনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে।
