
আন্তর্জতিক ডেস্ক:
মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দেশটির সাধারণ নির্বাচনে রাখাইন রাজ্যে হেরেছে। সেখানে ভালো ফল করেছে সংখ্যালঘু রাখাইনদের নিয়ে গঠিত রাজনৈতিক দল আরাকান ন্যাশনাল পার্টি (এএনপি)। খবর মিয়ানমার টাইমস।
মিয়ানমার টাইমসের খবরে বলা হয়েছে, রাখাইনে অর্ধেকের বেশি আসনে ভোট গ্রহণ বাতিল হওয়ায় ২৮টি আসনে ভোট হয়। ওই আসনগুলোর বেশির ভাগে জয় পেয়েছে এএনপি ও স্থানীয় আঞ্চলিক দলগুলো।
দেশটির তৃতীয় বৃহত্তম দল এএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য দাও আই নু সেইন বলেন, এএনপির সদস্যরা কেন্দ্রীয় পার্লামেন্টের আটটি আসনে আর রাজ্য পার্লামেন্টের ছয়টি আসনে জয়লাভ করেছেন। তিনি বলেন, রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে ভোট বাতিল না হলে আরও বেশি আসন পেত তাঁর দল।
তবে দেশটির ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) সাধারণ নির্বাচনে জয় দাবি করেছে। গতকাল সোমবার দলটির মুখপাত্র মুখপাত্র মায়ো নিয়ান্ত সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৩২২টির বেশি আসনে জয় পেয়েছে তাঁর দল। দেশব্যাপী ভোটকেন্দ্রে নিয়োজিত দলের এজেন্টের দেওয়া তথ্যমতে এই খবর পাওয়া গেছে। তবে তিনি প্রাপ্ত আসনসংখ্যা নির্দিষ্ট করতে পারেননি।
