
ফাতেহ ডেস্ক:
মহামারি করোনাভাইরাস মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলায় হোয়াইট হাউস থেকে বরখাস্ত করা হয়েছিল জনস্বাস্থ্য কর্মকর্তা রিক ব্রাইটকে। এবার সেই কর্মকর্তাকে নিজের উপদেষ্টা পরিষদে যুক্ত করে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ খবর প্রকাশ করেছে সিএনএন।
আগামী জানুয়ারি থেকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন জো বাইডেন। তার আগেই আজ সোমবার মহামারি মোকাবেলায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠন করতে যাওয়া উপদেষ্টা বোর্ড সদস্যদের নামের তালিকা ঘোষণা করেছেন তিনি। এই পরিষদও জানুয়ারি মাস থেকেই কাজ শুরু করবে।
সেখানেই ট্রাম্প প্রশাসন থেকে বরখাস্ত হওয়া জনস্বাস্থ্য কর্মকর্তা রিক ব্রাইটকে যুক্ত করেছেন বাইডেন। এর আগে এই কর্মকর্তা দাবি করেছিলেন, মহামারি নিয়ে আগে থেকে সতর্ক করেনি ট্রাম্প প্রশাসন। এমন মন্তব্যের পরই তাকে বরখাস্ত করা হয়।
বাইডেনের কোভিড-১৯ টাস্কফোর্সে আরো থাকছেন- সাবেক সার্জন জেনারেল ভিবেক মুর্থি, খাদ্য ও ওষুধ প্রশাসনের সাবেক কমিশনার ডেভিড কেসলার, ইয়েল বিশ্ববিদ্যালয়ের ড. মার্সেল্লা নানেজ-স্মিথ, কাউন্সিল অন ফরেন রিলেশন্সের গ্লোবাল হেলথ বিষয়ক সিনিয়র রিসার্চ ফেলো ড. লুসিয়ানা বোরিও এবং ওবামা আমলের স্বাস্থ্য উপদেষ্টা ড. জেকে এমানুয়েল।
বিশ্লেষকরা বলছেন, জো বাইডেন করোনা মহামারি মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের পথে হাঁটবেন না। উপদেষ্টা বোর্ডে রিক ব্রাইটকে রেখে যেন সেটারই স্পষ্ট ইঙ্গিত দিলেন তিনি।
