
ফাতেহ ডেস্ক:
ক্ষমতায় টিকে থাকতে আইনি লড়াইয়ে নেমেও খুব একটা পাত্তা পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগে করা বেশ কয়েকটি মামলায় এরই মধ্যে হেরে গেছে রিপাবলিকান প্রচারণা শিবির।
তবে এখনই দমে যায়নি তারা। নির্দিষ্ট করে না বললেও, নতুন আরও পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে রিপাবলিকান পার্টি। এর মধ্যেই মার্কিন নির্বাচনের ফলাফলের বিরোধিতা করে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছেন ট্রাম্প সমর্থকরা।
ট্রাম্প সমর্থকদের বিক্ষোভে উত্তপ্ত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রাজপথ। হোয়াইট হাউজের আশপাশ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করেন বিক্ষোভকারীরা। ভোট কারচুপির অভিযোগে তারা এ বিক্ষোভে অংশ নেয়। ডোনাল্ড ট্রাম্পও ভোট গণনার সময় থেকে ভোট কারচুপির অভিযোগ করে আসছেন, যদিও কোন প্রমাণ দিতে পারেননি। কয়েকটি ডানপন্থী সংগঠন মেগা মার্চ নামে সমাবেশ ডেকেছে ট্রাম্পের সমর্থনে। শুধু ওয়াশিংটন ডিসি নয় এতে যোগ দিতে শুক্রবার (১৩ই নভেম্বর) থেকে বিভিন্ন রাজ্য থেকে বহু মানুষ সমাবেশে যোগ দিতে আসেন। ওয়াশিংটনে উইমেন ফর আমেরিকা ফার্স্ট নামে একটি সংগঠন সমাবেশের অনুমতি নিলে আরও কয়েকটি সংগঠন এতে যোগ দেয়। এ বিক্ষোভ ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ট্রাম্প যে শুধু ভোট কারচুপির অভিযোগ করেই ক্ষান্ত হয়েছেন তা নয়, এ পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে তার করা মামলার সংখ্যাও কম নয়। তবে এসব মামলায় খুব একটা সুবিধা করতে পারছেন না তিনি। পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া এবং মন্টগোমেরি কাউন্টিতে ইতোমধ্যে ৬টি মামলায় হেরেছে ট্রাম্প শিবির। ভোট গণনায় অনিয়ম, কারচুপিসহ নানা অভিযোগে মামলাগুলো করা হয়েছিলো। শুক্রবার অ্যারিজোনাতেও ভোট পুনর্গণনার আবেদন করে করা একটি মামলা খারিজ করে দিয়েছেন আদালত। একইদিন মিশিগানের ডেট্রোয়েটেও ভোট কারচুপির অভিযোগে করা একটি মামলা খারিজ করে দিয়েছেন বিচারক।
একের পর এক মামলা বাতিল হওয়ায় আইন বিশেষজ্ঞরা বলছেন, আদালতে সবাই আইন মেনে কাজ করেন, বিরতিহীন কিছু এখানে পাত্তা পায় না।
